৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে কেঁপে উঠলো ৩ দেশ আফগানিস্তান,পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাবের কিছু অঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (পিএমডি)-এর অন্তর্গত ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ (এনএসএমসি) তাৎক্ষণিক এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ১৭০ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুরি, তক্সিলা, পেশোয়ার, ফয়সালাবাদ এবং মুলতানের বাসিন্দারা বলেন, তারা ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভব করেছেন। তবে ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনো প্রাণহানির বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদও পাওয়া যায়নি।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা, জম্মু-কাশ্মির অঞ্চলেও এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এ দুই দেশ থেকেও কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।