শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান দেশটির মধ্যাঞ্চলে ভূপাতিত করার পর হরমুজ প্রণালির কাছে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। গতকাল শুক্রবার মার্কিনিদের একটি এফ-১৫ বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।
এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমান আছড়ে পরার পরে এই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূপাতিত যুদ্ধবিমান প্রসঙ্গে অবহিত করা হয়েছে।