| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধের ব্যয় সামলাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 139586 বার পঠিত
ইরান যুদ্ধের ব্যয় সামলাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

চলমান ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি বজায় রাখতে ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩ এপ্রিল) আইনপ্রণেতাদের কাছে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেটটি গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টানা পঞ্চম সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধ-এর আর্থিক চাপ এই বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, কংগ্রেসের এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে জানানো হয়েছে—এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ঘাটতি পূরণ এবং চলমান অভিযান চালিয়ে যেতেই এই বাড়তি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য অভ্যন্তরীণ খাতে প্রায় ৭৩ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনা করেছে হোয়াইট হাউস। এতে পরিবেশ সুরক্ষা, আবাসন সহায়তা এবং শিক্ষা খাতসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ক্ষতির মুখে পড়তে পারে।

প্রস্তাবের বিষয়ে ট্রাম্প বলেন, “যুদ্ধকালীন সময়ে সামরিক বিনিয়োগই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কেন্দ্রীয় সরকারের পক্ষে ডে-কেয়ার, মেডিকেইড বা মেডিকেয়ারের মতো খাতে ব্যয় বহন করা সম্ভব নয়।” তিনি এসব খাতের দায়িত্ব রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন।

প্রস্তাবিত বাজেটের মধ্যে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার সাধারণ প্রক্রিয়ায় এবং বাকি ৩৫০ বিলিয়ন ডলার বিশেষ দলীয় প্রক্রিয়ায় পাস করানোর পরিকল্পনা রয়েছে, যাতে বিরোধী দলের সমর্থন ছাড়াই অনুমোদন সম্ভব হয়। রিপাবলিকান পার্টি নেতারা এতে ইতিবাচক সাড়া দিলেও দলের ভেতরে ক্রমবর্ধমান বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলার এবং মোট ঋণ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

প্রতিরক্ষা ছাড়াও বিচার বিভাগের জন্য অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে ডেমোক্র্যাটিক পার্টি এই বাজেটের তীব্র সমালোচনা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, “আমেরিকার জনগণ স্বাস্থ্যসেবা চায়, যুদ্ধ নয়। প্রশাসন ইরানের সঙ্গে এক হঠকারী যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে, অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে অনীহা দেখাচ্ছে।”

প্রস্তাবিত বাজেট এখন কংগ্রেসে তীব্র বিতর্কের মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪