| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হারালেন বিদীপ্তা-সুদীপ্তা

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 207486 বার পঠিত
মা হারালেন বিদীপ্তা-সুদীপ্তা

অভিশপ্ত সময় পার করছে টালিউড। টালিগঞ্জের আকাশ থেকে মৃত্যুর কালো মেঘ সরছে না কিছুতেই । গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক প্রয়াণের ক্ষত এখনও দগদগে। সহকর্মীকে হারানোর সেই হাহাকার যখন তুঙ্গে, ঠিক তখনই টালিপাড়ায় আছড়ে পড়ল আরও এক নিদারুণ দুঃসংবাদ। চিরঘুমের দেশে পাড়ি দিলেন ওপার বাংলার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী।

মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  চিকিৎসকের আপ্রাণ চেষ্টার পরেও বার্ধক্যজনিত কারণে তার শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছিল না।  গত কয়েকদিন ধরেই  হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালেই সব লড়াই শেষ করে না ফেরার দেশে চলে যান তিনি।

চক্রবর্তী পরিবার মানেই ওপার বাংলার সংস্কৃতি জগতের এক উজ্জ্বল ধারা। বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যদুনিয়ার কিংবদন্তি। মা দীপালি দেবী নিজেও ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী। মেয়েদের অভিনয়ের আঙিনায় প্রতিষ্ঠিত করার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। ২০১৮ সালে বিপ্লব কেতন চক্রবর্তীর প্রয়াণের পর মা দীপালি চক্রবর্তীই ছিলেন দুই বোনের প্রধান আশ্রয়। 

কাকতালীয়ভাবে, কয়েকদিন আগেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকবার্তা সুদীপ্তা চক্রবর্তী 'স্বজনবিয়োগ' বলে উল্লেখ করেছিলেন। সেই শোকের রেশ কাটতে না কাটতেই হারালেন জন্মদাত্রীকে। ওপার বাংলার বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা দীপালি চক্রবর্তীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪