তাইওয়ানের সংবাদ সংস্থা 'তাইওয়ান ফোকাস এক প্রতিবেদন থেকে জানা যায় অপহরণের ভুয়া নাটক সাজিয়ে কম্বোডিয়ায় জেল খাটার পর তাইওয়ানে ফিরতেই বিমানবন্দর থেকজ গ্রেফতার করা হয়েছে আলোচিত দুই ইউটিউবারকে। বৃহস্পতিবার রাতে তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন নেং-চুয়ান (যিনি ‘গুডনাইট চিকেন’ নামে পরিচিত) এবং লু সু-হসিয়েন (যিনি ‘অ্যানো’ নামে পরিচিত) কে গ্রেফতার করে পুলিশ।
বিনোদনের নামে ভুয়া ভিডিও তৈরি,স্বাধীনতায় বাধা প্রদান ও প্রতারণাসহ একাধিক গুরুতর অভিযোগ থাকায় তাইপের শিলিন, কিনমেন ও মিয়াওলির প্রসিকিউটররা দীর্ঘদিন তাদের খুঁজছিলেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিনোদনের নামে সামাজিক অস্থিরতা ছড়ানোর এই দুই ইউটিউবার এখন সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
চেন নেং-চুয়ান ২০২৪ সালের শুরু থেকেই তার ভিডিওর জন্য বেশ আলোচিত হন এবং গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে একটি লাইভস্ট্রিমে দেখা যায় সহযোগী লু সু-হসিয়েনের সাহায্যে তিনি অপহরণের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় প্রশাসন তদন্তে নেমে একটি অ্যাপার্টমেন্ট থেকে অপহরণ নাটকে ব্যবহৃত সরঞ্জামসহ তাদের হাতেনাতে ধরে ফেলে। এরপর কম্বোডিয়ার আদালত ‘সামাজিক বিশৃঙ্খলায় উসকানি’ দেওয়ার দায়ে তাদের দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
বিমানবন্দরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হেফাজতে থাকাকালীন চেন নেং-চুয়ান সংক্ষিপ্ত বক্তব্যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন।