মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে। গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে ভ্লাদিমির পুতিনের কথা হওয়ার পর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে মস্কো যান মোজতবা।
আল-জারিদা রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করায় তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, “আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।”
২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রী নিহত এবং মোজতবা নিজে আহত হন। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্র জানিয়েছে মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়।