চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে কোস্ট গার্ডের দুটি ইউনিট ও বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ টিম। তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনীর একটি উদ্ধারকারী দল। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে।
কোস্ট গার্ড সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার পরপরই কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্ত আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউট পতেঙ্গা ও হাই স্পিড বোট উদ্ধারের কাজে অংশ নেয়। পরে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিয়ে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানায় সংস্থাটি।
সূর্যয় / আয়না নিউজ