ইরান যদি আরব অঞ্চলের রাষ্ট্রগুলোকে লক্ষ্য করে নির্বিচারে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে। তেহরানের উদ্দেশে গতকাল রোববার এ সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার সৌদির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাত হানার পরের দিন এক বিবৃতিতে ইরানকে এ সতর্কবার্তা দিয়ে একই সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে ‘মিল নেই’ বলেও অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “ইরান কোনো বাস্তব ভিত্তি ছাড়াই যুক্তিহীনভাবে আরব দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না।”
ইরান যদি এমন হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ পরাজয় ঘটবে এবং রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব পড়বে বলে সতর্কবার্তা ঘোষণা করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরানের উদ্দেশে সতর্কবার্তা দিলো সৌদি।