হিন্দু ধর্মালম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বুধবার (৪ মার্চ) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজসহ আখাউড়া-আগরতলা আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে বলে জানিয়েছে আখাউড়া স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ এর নেতারা বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে আবারও ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, ত্রিপুরা রাজ্যের আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার' থেকে আগেই জানানো হয়েছে ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ এর সাধারণ সম্পাদক শিব শংকর বলেন, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। যা ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে।
আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী আকাশ জানিয়েছেন, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস্ হাউজ ও বন্দরের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক আছে।