মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি তুলে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছিল এবং তা মোকাবেলায় এই সামরিক পদক্ষেপ ছিল ‘শেষ ও সর্বোত্তম সুযোগ’। হোয়াইট হাউসের ইস্ট রুমে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘ ওবামা নীতির কারণেই ইরান তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে পেরেছিল।
এই অসুস্থ ও অশুভ শাসনের সৃষ্ট অসহনীয় হুমকি মোকাবেলা ও নির্মূল করার জন্য প্রথম কাজ হলো ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয়ত,আমরা তাদের নৌবাহিনীর ১০টি জাহাজ ধ্বংস করেছি যা এখন সমুদ্রের তলদেশে এবং তৃতীয়ত, বিশ্বের এক নম্বর সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী ওমান জানিয়েছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছিল, তারা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধ করতে প্রস্তুত ছিল এবং বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়াম উল্লেখযোগ্যভাবে হালকা করতে সম্মত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর সময় দুই দেশ একটি চুক্তির ‘কাছাকাছি’ পৌঁছেছিল।