রাজধানীর কদমতলী থানা এলাকার শনির আখড়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মিন্টু (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রেশমা আক্তার জানান, তার স্বামী এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। রোববার রাতে শনির আখড়া এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।