তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ মৌলভীবাজার সফরে আসছেন। তার এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চলছে আয়োজনের শেষ মুহুর্তের ব্যাপক প্রস্তুতি। শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে বানানো হয়েছে অনুষ্ঠান মঞ্চ। সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তার গায়ে তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট ছিল।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে ওই যুবক হঠাৎ করে উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে থাকা কিছু লোক তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই তরুণ থানায় আছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। সে পেশায় আনারস ব্যবসায়ী। এখনো কোনও মামলা হয়নি।
রিয়াদ খান/ আয়না নিউজ