জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়া হলো না মিশরের। ম্যাচজুড়ে দারুণ লড়াই করে দীর্ঘ সময় এগিয়ে থাকার পর আত্মঘাতী এক গোলে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মিশর। অধিনায়ক মোহাম্মদ সালাহকেকে কেন্দ্র করে একের পর এক আক্রমণ গড়ে তোলে তারা। অন্যদিকে তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে শুরুর একাদশে না রেখেই মাঠে নামে বেলজিয়াম।
ম্যাচের ১৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মিশর। ডি-বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জালে বল জড়ান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল, আর সেই গোলেই এগিয়ে যায় মিশর।
গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকার দলটি। বলের দখলে বেলজিয়াম এগিয়ে থাকলেও মিশরের সুশৃঙ্খল রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় মিশর।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৫৩তম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় ইউরোপের দলটি। Kevin De Bruyne-এর নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। ম্যাচের ৬৬তম মিনিটে সমতায় ফেরে তারা। বদলি হিসেবে মাঠে নামা লুকাকুকে ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। তার আত্মঘাতী গোলেই ১-১ সমতায় ফিরে আসে বেলজিয়াম।
গোলের পর দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো দল ব্যবধান গড়ে দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া হওয়ায় আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মিশরকে। অন্যদিকে হার এড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বেলজিয়ামকে।
হাফিজ/ আয়না নিউজ