পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাও। ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত সমতাসূচক গোলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে পেরেছে ব্রাজিল।
বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচটিতে অবশ্য সবকিছু ছিল আক্রমণ, প্রতি আক্রমণ, গোল, গতি আর উন্মাদনা। সমাধান হয়েছে সমানে সমানে। বল দখলে ব্রাজিলের পক্ষে ছিল ৫১ শতাংশ, মরক্কোর ৪৯। গোলে শটও প্রায় একই।
টানটান উত্তেনার ম্যাচটিতে প্রথমার্ধ ছিল দারুণ উপভোগ্য। দুই দলই ছিল প্রাণবন্ত, আক্রমণাত্মক এবং ছিল ভালো মানের ফুটবল। গোলও এসেছিল এই অর্ধে। প্রথমার্ধে সুযোগ তৈরি, আক্রমণের ধার আর আত্মবিশ্বাস সবকিছুতেই ব্রাজিলকে ছাপিয়ে যাচ্ছিল মরক্কো। কিন্তু ফুটবল বারবার মনে করিয়ে দেয়—শ্রেণিটা কখনো হারিয়ে যায় না। ২১ মিনিটে গোল হজমের পর সেলেসাওদের নিস্তেজ মনে হয়েছিল। ১০ মিনিটের ব্যবধানে গোল শোধ দিয়ে সতীর্থদের চাঙ্গা করে দেন ভিনিসিয়ূস জুনিয়র।
কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধে উত্তেজনা কিছুটা কমে গেলেও গোলের জন্য মরিয়া ছিল দুই দলই। শেষদিকে বেশ কয়েকটি সুযোগ মিস করেছে ব্রাজিল। ইয়াসিন বুনোকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি রাফিনহা। আর যোগ করা সময়ে নিল এল আইনাউইয়ের নিচু শটটি ঠেকিয়ে ব্রাজিলকে পয়েন্টের স্বাদ দেন আলিসন।
যতটুকু হিসাবের বিষয়, তা হলো বড় সুযোগ মিস কে কম করেছে। এই হিসেবে মরক্কো অবশ্য ব্রাজিলের থেকে এগিয়ে থাকবে। আরেকটি দিকেও ব্রাজিলকে পাশ কাটিয়ে যাচ্ছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। কম হলুদ কার্ড দেখায় ব্রাজিলের চেয়ে এগিয়ে থেকে আপাতত গ্রুপ সি-এর শীর্ষে রয়েছে মরক্কো।
আল রাজীব/ আয়না নিউজ