| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 453 বার পঠিত
আজ পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ

চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এবং বিস্তৃত টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

এবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা আগের আসরের তুলনায় ১৬টি বেশি। তিন দেশের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

প্রায় ছয় সপ্তাহব্যাপী এই মহাযজ্ঞের পর্দা নামবে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামেই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবারের বিশ্বকাপকে আখ্যা দিয়েছেন “পৃথিবী কখনও দেখেনি এমন সর্বশ্রেষ্ঠ ক্রীড়া প্রদর্শনী” হিসেবে। যদিও টিকিটের উচ্চমূল্য, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকটকে ঘিরে কিছু সমালোচনা ও উদ্বেগও রয়েছে।

নতুন ফরম্যাট অনুযায়ী প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে জায়গা করে নেবে। ফলে শেষ ষোলো নয়, এবার সরাসরি ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব।

এবারের বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুন নিয়মও। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতা থেকে সুরক্ষা দিতে প্রতিটি ম্যাচে দুই অর্ধের মাঝামাঝি সময়ে কুলিং ব্রেক রাখা হবে। সময় নষ্ট ঠেকাতে বদলি সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। পাশাপাশি বর্ণবাদী আচরণ ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ রোধে শৃঙ্খলামূলক বিধানও আরও কঠোর করা হয়েছে।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে আয়োজন করা হবে সুপার বোল–ধাঁচের হাফটাইম শো। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত তারকারা অংশ নেবেন বলে জানা গেছে। এর ফলে ফাইনালের বিরতির সময়ও আগের তুলনায় দীর্ঘ হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র একবার এবং মেক্সিকো দুইবার বিশ্বকাপ আয়োজন করলেও, কানাডার জন্য এটি প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা, যা দেশটির ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল জ্বরে কাঁপছে বাংলাদেশ। জাতীয় দল বিশ্বকাপে না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রিয় দলের পতাকা টানানো, আড্ডা ও সমর্থকদের তর্ক-বিতর্ক। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে চলছে চিরচেনা কথার লড়াই। মাঠে বল গড়ানোর আগেই ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারাদেশে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪