চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও টস পর্যন্ত করা সম্ভব হয়নি। শুরু থেকেই বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে, ফলে একটি বলও মাঠে গড়ায়নি।
ম্যাচ না হওয়ায় হতাশ হয়ে ফেরেন দর্শকরা, যারা চার-ছক্কার উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখার আশা নিয়ে মাঠে এসেছিলেন। তবে বিসিবি জানিয়েছে, এই ম্যাচের টিকিটের অর্থ দর্শকদের ফেরত দেওয়া হবে, ফলে আর্থিক ক্ষতির শঙ্কা নেই।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখন সিরিজে বাংলাদেশের হারার কোনো শঙ্কা নেই।
সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি আগামী ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ নিজেদের করে নেবে, আর হেরে গেলে সিরিজ ড্র হবে। তবে স্বাভাবিকভাবেই শেষ ম্যাচে জয় নিয়েই সিরিজ শেষ করতে চাইবে স্বাগতিকরা।
হাফিজ/ আয়না নিউজ