নিউজিল্যান্ড থমকে গেলো নাহিদ রানার গতির ঝড়ে। মিরপুরের শেই-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে কিউইদের ১৯৮ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। সফরকারীরা টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলে তাদের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই পড়ে চাপে। টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিং বিপর্যস্ত করে রাখে নিউজিল্যান্ডকে।
নাহিদ রানা নিজের প্রথম ওভারে ওপেনার হেনরি নিকোলসকে ফেরান সাজ ঘরে, এরপর মাঠ ছাড়েন উইল ইয়ংকে। নিউজিল্যান্ড এই ধাক্কা সামলে নিতে অধিনায়ক টম ল্যাথাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। নিক কেলি ধীরে ধীরে ইনিংস গড়েন এবং দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন।
আরও পড়ুন-
মাঝ ওভারে কিছুটা লড়াইয়ের আভাস থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। মুহাম্মদ আব্বাস ও ডিন ফক্সক্রফট এর ইনিংস বড় জুটিতে রূপ নেয়নি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের সম্ভাব্য বড় সংগ্রহের পথ রুদ্ধ করেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
শরিফুল ইসলাম কেলির সেঞ্চুরির স্বপ্ন ভেঙে দিলে নিউজিল্যান্ডের রান তোলার গতি আরও কমে দলটি থামে ১৯৮ রানে । নাহিদ রানা ৩২ রান দিয়ে ৫ উইকেট, শরিফুল ইসলাম ২টি এবং সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।
সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৯৯ রান
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৪৮.৪ ওভারে ১৯৮ (কেলি ৮৩, আব্বাস ১৯, স্মিথ ১৮*; নাহিদ ৫/৩২, শরীফুল ২/৩২, রিশাদ ১/২১, সৌম্য ১/২৭, তাসকিন ১/৪৬)।
এফএ/ আয়না