আগামী ৭ আগস্ট শুরু হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬। ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরটির সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে।
সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল জানিয়েছেন টুর্নামেন্টটি এবার অ্যান্টিগুয়া ও বার্বুডা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং নতুন ভেন্যু সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে অনুষ্ঠিত হবে। নতুন অঞ্চলে খেলা সম্প্রসারণ করা লিগের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ হিসেবে এ সিদ্ধান্ত।
আরও পড়ুন-
১০ জনের রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন
এবারের আসরে প্রথমবারের মতো সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন দল হিসেবে যোগ দেয়া জ্যামাইকা কিংসমান ৭ আগস্ট আর্নোস ভেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের। একই দিনে পরের খেলায় মাঠে নামবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আর ৯ আগস্ট মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনস ও সেন্ট লুসিয়া কিংস।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিন সহায়ক পিচের জন্য আলোচিত আর্নোস ভেলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এই শিরোপা লড়াই।
এফএ/ আয়না টিভি