যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে সান ফ্রান্সিসকো পুলিশ (এসএফপিডি)।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন ব্যক্তি নর্থ বিচ এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ করেন। এতে ভবনের বাইরের একটি গেটে আগুন ধরে যায়। ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যান।
কর্তৃপক্ষ এখনো সন্দেহভাজনের পরিচয় বা হামলার নির্দিষ্ট উদ্দেশ্য প্রকাশ করেনি। তবে এসএফপিডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাটি নর্থ বিচ এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনে ঘটেছে।
ওপেনএআই-এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে ঘটনাটি স্যাম অল্টম্যানের বাসভবনেই ঘটেছে। তিনি বলেন, “সৌভাগ্যবশত কেউ আহত হননি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
পুলিশ জানায়, ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে ওপেনএআই সদর দপ্তরের কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার পেছনের সম্ভাব্য উদ্দেশ্য এখনো তদন্তাধীন রয়েছে। সাম্প্রতিক সময়ে ওপেনএআই ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে জনমত বিভক্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল বলে স্থানীয় গণমাধ্যমগুলো উল্লেখ করেছে।
সূত্র: আল জাজিরা
হাফিজ/ আয়না নিউজ