| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে ইসরায়েলের ব্যাপক নিন্দা

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 131405 বার পঠিত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে ইসরায়েলের ব্যাপক নিন্দা

মো. খায়রুল আলম খান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পর আসিফ ইসরায়েলকে ‘অশুভ’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ইসরায়েলের ধ্বংস কামনার শামিল। এটি ‘অগ্রহণযোগ্য’ এবং একটি সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া নিন্দনীয়।

বার্তায় আরও বলা হয়, খাজা আসিফের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।

এর আগে, বুধবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ২৫৬ জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, “ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা সংঘটিত হচ্ছে।

ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন; প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে; এই রক্তপাত অবিরাম চলছে। আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে, তারা যেন জাহান্নামে জ্বলে। ”

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ছড়ালো।

রিয়াদ/ হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪