মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতের মধ্যেই পুরো ইরান ধ্বংস করে দিতে সক্ষম, এবং “আগামীকালই হতে পারে সেই রাত” বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেন, চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একই সুরে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আজ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা হবে আগের যেকোনো দিনের তুলনায় বেশি। পাশাপাশি, আগামী দিনে এই হামলা আরও জোরদার করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
পিট হেগসেথ বলেন, “আজকের চেয়েও আগামীকাল আরও বেশি হামলা হবে। এরপরও ইরানের সামনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।