বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বের নানান দেশে খেলার কারণে অনেক দেশের ড্রেসিংরুমে পা পড়েছে তাদের। কিন্তু মিরপুর শের-ই বাংলার ড্রেসিংরুমের প্রতি অন্যরকম এক টান তাদের। ক্রিকেটাররা শের-ই বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম নিয়ে নিজেদের আবেগ তুলে ধরেছেন সম্প্রতি প্রকাশিত বিসিবির এক ভিডিওতে।
আফিফ হোসেন ধ্রুবর কাছে ‘যখন আমরা ড্রেসিংরুমে প্রবেশ করি, আমাদের মনে হয় এটিই আমাদের বাড়ি।’ এছাড়া তানজিদ হাসান তামিমের বক্তব্য, ‘তাসকিন ভাই আমাদের মাতিয়ে রাখেন সবসময় আর সঙ্গে শরিফুল, সৌম্য দা ছাড়াও আছেন, লিটন দা। এখানে ক্রিকেটের অনেক জিনিস পাশাপাশি ক্রিকেটের বাইরের অনেক জিনিস থাকে সবকিছু আমরা শেয়ার করতে পারি। আমাদের সিনিয়র লিজেন্ড প্লেয়ার যারা আগে খেলা শুরু করেছে তাদের স্মৃতিগুলো আমরা অনেক উপভোগ করি।’
তাসকিন বলেন, ‘আমার দ্বিতীয় বাড়ি শের-ই বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম। কারণ বাংলাদেশ ক্রিকেট দল একটা পরিবারের মতো। এটার সঙ্গে অজস্র স্মৃতি, আবেগ, ভালো-খারাপ মুহূর্ত জড়ানো, এটা আমার আরেকটা ঘরের মতোই।’
এখানে সবাই অনেক মিশুক জানিয়ে শরিফুল ইসলাম বলেন, খেলা না থাকলে একজন আরেকজনের সঙ্গে মজা করি। মেহেদী হাসান মিরাজের মতে, ‘ড্রেসিংরুম, অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের জন্যই স্পেশাল। এই ড্রেসিংরুমে যখন আমি ঢুকেছিলাম, তখন ড্রেসিংরুমে অনেক গ্রেট প্লেয়ার মুশফিকুর রহিম ভাই, তামিম ইকবাল ভাই, মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, সাকিব আল হাসান ভাই, মাশরাফি বিন মুর্তজা ভাই ছিলেন।’