| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 184748 বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পুরো জাতি। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ গুলিবর্ষণ করলে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষাশহীদদের স্মরণ করছেন। পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তায় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি পোস্ট করে লেখেন, ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

অন্যদিকে, ওপেনার তামিম ইকবাল একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার পোস্টে উল্লেখ করেন, “সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, “২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।”

ব্যাটার সৌম্য সরকার তার বার্তায় বলেন, “রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।”

এছাড়া পেসার শরীফুল ইসলাম লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।”

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ক্রিকেটারদের এমন আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় এই শোক ও গৌরবের দিনে তাদের শ্রদ্ধা বার্তা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪