আইপিএলে আবারও দেখা গেল ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক বিতর্ক। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ শেষে বিরাট কোহলির আচরণ ঘিরে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
শুক্রবার (২৩ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৫৫ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বড় জয় পেলেও পয়েন্ট টেবিলে তারা শেষ করে তৃতীয় স্থানে।
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন নিয়ম অনুযায়ী শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন কোহলিকে দেখা যায় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স, অভিষেক শর্মা ও ঈশান কিষানের সঙ্গে হাত মেলাতে। তবে ট্রাভিস হেডের দিকে এগিয়ে আসা হাত তিনি এড়িয়ে সামনে চলে যান।
ঘটনার সূত্রপাত মূলত হেডের আউটকে কেন্দ্র করে। ২৬ রান করে রাসিখ সালাম দারের বলে আউট হওয়ার পর কোহলিকে মাঠে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরপর থেকেই দুই ক্রিকেটারের মধ্যে মাঠে উত্তেজনা তৈরি হয় বলে জানা যায়। ম্যাচ চলাকালীন সময়েও দু’পক্ষের মধ্যে কথার লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
এছাড়া রান তাড়ার সময় কোহলিকে এক পর্যায়ে হেডকে বল করার ইঙ্গিত দিতেও দেখা যায়। পরে ইনিংসের শেষ দিকে হেড বল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে রজত পাতিদারের উইকেট তুলে নেন।
ম্যাচ-পরবর্তী এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের স্বাভাবিক আবেগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থি বলেও মন্তব্য করছেন।
হাফিজ/ আয়না নিউজ