২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে ইরান জাতীয় ফুটবল দল। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকোকে বেছে নিয়েছে ‘টিম মেল্লি’।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ফেডারেশনের মিডিয়া বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ফিফার অনুমোদন নিয়েই যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বেস ক্যাম্প স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফিফা।
বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এর মধ্যে কোন দেশে দলগুলো অবস্থান করবে, তা নিয়ে আগে থেকেই চূড়ান্ত প্রস্তুতি চলছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের বেস ক্যাম্প পরিবর্তনের আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছিল।
ইরান ফুটবল ফেডারেশনের তথ্যমতে, নতুন বেস ক্যাম্প হবে ক্যালিফোর্নিয়া সীমান্তঘেঁষা মেক্সিকান শহর তিহুয়ানা। লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি হওয়ায় এটি দলের জন্য সুবিধাজনক বলেও মনে করছে ফেডারেশন।
মেহদি তাজ বলেন, ফিফার অনুমোদন প্রক্রিয়ার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি জানান, ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর বেস ক্যাম্প পরিবর্তনের আবেদন অনুমোদন পায়।
নতুন পরিকল্পনা অনুযায়ী তিহুয়ানার ক্যাম্পে অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, ব্যক্তিগত রেস্তোরাঁসহ আধুনিক সব সুবিধা থাকবে বলে জানিয়েছে ফেডারেশন।
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে দলটি।
ফেডারেশনের দাবি, মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়ায় ভিসা জটিলতা কমবে এবং দলের যাতায়াতও সহজ হবে। ইরান জাতীয় দল টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনোবারই গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি তারা।
হাফিজ/ আয়না নিউজ