মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটি তার বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে অভিযুক্ত শাকিল হোসেনের কবলে পড়ে। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওইদিনই তার বাবা গাংনী থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য জানান, তদন্ত শেষে মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং মাত্র ২৯ কার্যদিবসে রায় ঘোষণা করা হয়, যা দেশের বিচার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
রায় ঘোষণার সময় আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, শিশু নির্যাতন মামলায় দ্রুত বিচার সম্পন্ন হওয়া ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
হাফিজ/ আয়না নিউজ