| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তালাবদ্ধ আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে বিক্ষোভ, আটক ৫

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 278367 বার পঠিত
তালাবদ্ধ আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে বিক্ষোভ, আটক ৫

নোয়াখালীতে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের টাউনহল মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা ধরে কর্মসূচি চলে।

এ সময় বিক্ষোভকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, তৃণমূল নোয়াখালীর নেতাকর্মীদের উদ্যোগেই এ কর্মসূচি পালিত হয়েছে।

জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্রজনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করলে ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কর্মসূচিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন মো. জাহাঙ্গীর শেখ নামের একটি আইডি থেকে। সেখানে তিনি লেখেন, দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি একসঙ্গে কাজ করবে এবং নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অবগত হয়ে অভিযান পরিচালনা করা হয় এবং জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪