তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমগুলোর মধ্যে মতাদর্শগত ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর-এ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যে ১৬ জুন দেশের গণমাধ্যমের ইতিহাসে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়েছিল, সেই দিনটিকেই ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও কার্যকর করা সম্ভব হবে না। গণমাধ্যম সমাজের আয়না উল্লেখ করে তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যমকে নিরপেক্ষ, দায়িত্বশীল ও নিখুঁত হতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তথ্যমন্ত্রী জানান, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সরকারের তৎপরতা আরও বেগবান হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবাদপত্রের কালো দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণমাধ্যমের স্বাধীনতা এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
হাফিজ/ আয়না নিউজ