| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংককে আরো আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 205 বার পঠিত
ইসলামী ব্যাংককে আরো আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবেলায় দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদনের বিপরীতে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হবে। মূলত চলতি মাসের প্রথম দিকে আমানতকারীদের ব্যাপক অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে এ বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাবেও দেখা গেছে, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন হওয়ায় কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ সৃষ্টি হয়।

পরিস্থিতি পর্যবেক্ষণে গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান প্রয়োজন হলে নগদ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রয়োজন দেখা দিলে ভবিষ্যতে আরও সহায়তার বিষয় বিবেচনা করা হতে পারে।

এদিকে সোমবার বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল করে ব্যাংকটির সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে আমানতকারী, ব্যাংক এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অনুযায়ী নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪