আজ থেকে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দলের অংশগ্রহণে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের প্রথম দিনেই মাঠে গড়াবে তিনটি ম্যাচ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস।
সকাল সাড়ে ১১টায় কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ডাচদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা সফরে আসা সালমান আলী আগার দলটির জন্য এটি সহজ ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিকাল সাড়ে ৩টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এই ম্যাচেও ক্যারিবিয়ানদের সহজ জয়ের সম্ভাবনাই বেশি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের, তবে সূচি পরিবর্তনের কারণে তা হয়নি।
দিনের শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে মোট ২০টি দল। ভারত ও শ্রীলঙ্কার ৮টি ভেন্যুতে (ভারতে ৫টি ও শ্রীলঙ্কায় ৩টি) মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসরের প্রাইজমানিও থাকছে রেকর্ড পরিমাণ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী মোট প্রাইজমানি হতে পারে ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬০ কোটি টাকা। এটি আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পেতে পারে প্রায় ৩৬ কোটি টাকা এবং রানার্স-আপ দল পাবে প্রায় ১৯ কোটি টাকা।