ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তে তোপের মুখে পড়েছে নিজ দেশেই। এমন সিদ্ধান্তের সমালোচনায় মুখর প্রভাবশালী সংসদ সদস্য বিশ্বকাপজয়ী ক্রিকেটারসহ দেশের আম জনতা।
ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশনা আসার পরে কলকাতা নাইট রাইডার্সএর অফিসিয়াল বিবৃতি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে না আইপিএলের মঞ্চে এমন পদক্ষেপে নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সংসদ সদস্য এবং প্রভাবশালী লেখক শশী থারুর সরাসরি সমালোচনার পাশাপাশি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের লিটন দাস এবং সৌম্য সরকারের ভবিষ্যত এবং সম্ভাব্য জটিলতাকে নিয়ে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে শশী থারু বলেন,‘ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি কোনোভাবেই ক্রিকেটে প্রভাব ফেলা উচিত নয়। এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার, আমাদের চেষ্টা করা উচিত এ বিষয়টিকে আলাদা রাখা।’
ভারতের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ী মদন লালও মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সমালোচনা করে বলেছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ ঘটানো হচ্ছে। তিনি বিশ্বাস করেন, এ সিদ্ধান্তের জন্য চাপে ছিল বিসিসিআই।
বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেয়ার পর ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি না, সে নিয়েও প্রশ্ন তুলে বলেছেন, ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে যাদের ষড়যন্ত্রে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেয়া হয়েছে সে বিষয়ে আরও ভালো করে তদন্ত করে খতিয়ে দেখায় ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে।’
ফিজ ইস্যুতে প্রতিবেশি দেশটির সঙ্গে যে বৈরীতা তৈরি হলো তাতে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও প্রভাব পড়বে বলে মনে করছেন সবাই।