এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জনগণের জন্য ফ্যামিলি কার্ডের চেয়ে প্রয়োজন নিরাপত্তা কার্ড যাতে মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন থেকে নিরাপদ থাকতে পারে।
শুক্রবার ( ৩০ জানুয়ারি ) ফেনীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’কে ব্যঙ্গ করে বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে কি চাঁদাবাজি, সন্ত্রাস, নারীদের হয়রানি, গুম বা হত্যাকাণ্ড বন্ধ হবে? আমরা চাই মানুষ যাতে নিরাপদে ঘুমাতে পারে, ব্যবসা করতে পারে এবং রাস্তায় চলতে পারে।
মঞ্জু আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা ও মানবিক অবক্ষয়ের জন্য বর্তমান সরকার দায়ী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর কথা বলার অধিকার ছিল না, নির্বাচন ছিল প্রহসন। বয়স্ক ভাতা, নারী ও দরিদ্রদের সহায়তা রাষ্ট্রের দায়িত্ব, এটি রাজনৈতিক দয়া নয়।
তিনি জুলাই-আগস্ট আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, রক্তের দাগ এখনও শুকায়নি। শহীদদের পরিচয় ও বিচার হয়নি, তবুও তাড়াহুড়া করে নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগে বিচার, সংস্কার এবং ফ্যাসিবাদবিরোধী নিশ্চয়তা দরকার।
মঞ্জু এসময় ফেনীকে ভাষা আন্দোলনের শহীদ সালাম ও মহিপালের শহীদদের রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল জনপদ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য ফ্যাসিবাদ প্রত্যাখ্যান করেছে। এখন দরকার মানবিক ও ন্যায়পরায়ণ বাংলাদেশ, যেখানে মানুষ নিরাপদে বাঁচতে পারবে।