| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মান্না

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 303340 বার পঠিত
প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ফিরে পেলেন।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় প্রতিক্রিয়ায় মান্না বলেন, তার মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। তিনি বলেন, “আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বিশ্বাস ছিল, এই ষড়যন্ত্র টিকবে না।”

মনোনয়ন যাচাই-বাছাই প্রসঙ্গে তিনি বলেন, এর উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী মনোনয়নপত্র বা হলফনামায় ত্রুটি থাকলে তা সংশোধনের বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মান্না অভিযোগ করে বলেন, তাকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য কূটকৌশল করা হয়েছিল, যা অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়, না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না বলে তিনি দাবি করেন।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রক্ত ও জীবন দিয়ে অর্জিত গণতন্ত্রকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু থাকে না। ক্ষমতার জন্য এ ধরনের কর্মকাণ্ড কখনোই গণতন্ত্রের পথ হতে পারে না।”

ব্যাংক ঋণসংক্রান্ত অভিযোগ সম্পর্কে মান্না বলেন, তার বিরুদ্ধে খেলাপি হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও ট্রান্সফার হন বলেও তিনি জানান।

প্রতিদ্বন্দ্বীদের নাম উল্লেখ না করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক হলেও ‘কোমরের নিচে আঘাত’ করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জয়ী হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে মান্না বলেন, কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, পুলিশ এখনো সক্রিয় বা প্রোঅ্যাকটিভ ভূমিকা রাখছে না, অনেক জায়গায় নীরবতা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এখনো মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে যেহেতু তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪