বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় ও তাদের জনপ্রিয়তার কারণ একটি গবেষণার বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সে কারণেই বিভিন্ন ছাত্র সংগঠনের উত্থান ও ফলাফল দেখা যাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।”
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি একটি ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর তিনি নিজের মাতৃভূমিতে ফিরেছেন। সফরের অংশ হিসেবে তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। অপরদিকে ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল চারটি পদে এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয় পেয়েছেন।