বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা পরিদর্শন করবেন। যদিও বিভিন্ন দলের নেতারা এই সফরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হিসেবে উল্লেখ করেছেন, তবে সালাহউদ্দিন বলেন, তারেক রহমানের এই সফর আচরণবিধি লঙ্ঘন করবে না।
তিনি উল্লেখ করেন, কিছু ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে, যা কিছু ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে বিএনপির এই নেতা আশ্বস্ত করেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সালাহউদ্দিন। এছাড়া আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে প্রত্যাশা অনেক হলেও, দলের পক্ষে সবার কথা রাখা সবসময় সম্ভব নয়। বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে।