সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক শেষ হলেও বিএনপির পক্ষ থেকে ঘোষিত দলীয় শোক এখনো চলমান রয়েছে।
সাত দিনের শোকের চতুর্থ দিন শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকেই তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে শায়িত হওয়া বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসছেন। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন। তারা আল্লাহর কাছে তার জান্নাত কামনা করেন।
বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন প্রজন্ম বেগম খালেদা জিয়ার আদর্শ ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে বুধবার একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। বিএনপির পক্ষ থেকে সাত দিনের দলীয় শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
পরদিন বুধবার বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।