| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 310179 বার পঠিত
পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

নিজের নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই যেন তার পরিবার হয়ে উঠেছে, এমন অনুভূতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা ও উপস্থিতি তাকে এই কঠিন সময়ে একাকিত্বে ভুগতে দেয়নি।

পোস্টে তারেক রহমান গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে। একই সঙ্গে তিনি তার মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি লেখেন, লক্ষ-লক্ষ নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর ভালোবাসা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। তার ভাষায়, “তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।”

বিদেশি কূটনীতিকদের সমবেদনার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মায়ের উত্তরাধিকার বহনের অঙ্গীকার করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

শেষে তিনি আল্লাহর কাছে তার মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, তার রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতা থেকেই দেশবাসী শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪