সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শেষবারের মতো প্রিয় নেত্রীকে একনজর দেখার আশায় সড়ক, রেল ও নৌপথে রাজধানীর দিকে ছুটছেন তারা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতভর গণপরিবহণ, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িযোগে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হন নেতাকর্মীরা। জেলা বিএনপির প্রতিনিধিরা জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ঢাকার পথে নেতাকর্মীদের ঢল নামে। মঙ্গলবার দুপুরের পর থেকে এ সংখ্যা আরও বাড়তে থাকে। অনেকেই রাতের বাস ও ট্রেনে রাজধানীর উদ্দেশে যাত্রা করেন।
ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নদীপথেও নেতাকর্মীরা ঢাকায় আসছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন রুটের ট্রেনেও বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার মৃত্যুর খবরে নেতাকর্মীদের মুখে গভীর শোকের ছাপ। দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে। বিভিন্ন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। সে সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।