ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
সোমবার ( ২৯ ডিসেম্বর ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন ববি হাজ্জাজ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতা-কর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছেন। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাইয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।