| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অফিস শুরু করলেন তারেক

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 278922 বার পঠিত
অফিস শুরু করলেন তারেক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার তৃতীয় দিনে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য নির্ধারিত নতুন চেম্বারে বসেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে গুলশান কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রস্তুতকৃত চেম্বারে গিয়ে তিনি দাপ্তরিক কাজ শুরু করেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গুলশান কার্যালয়ে তারেক রহমানের আনুষ্ঠানিক অফিস শুরু করায় নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন। তিনি জানান, এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

অফিস কার্যক্রম শুরুর পর দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিদ্যমান সমস্যা-সংকট, ঢাকার ট্রাফিক ব্যবস্থা, নাগরিক সুবিধা ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, তারেক রহমান পর্যায়ক্রমে জনগণের কাছে যাবেন এবং ঢাকার বাইরেও সফর করবেন। দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে খন্দকার মোশাররফ হোসেন জানান, বৈঠকে নির্বাচনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না বলেও উল্লেখ করেন তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪