হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. জাহিদ হোসেন বলেন, “স্বাভাবিকভাবে উনার অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।
তিনি জানান, গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। অবস্থার অবনতির কারণে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। এ চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত আছেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ কিছুক্ষণ আগে দ্বিতীয়বারের মতো হাসপাতালে এসে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। তিনি দীর্ঘ সময় মায়ের শয্যাপাশে অবস্থান করেন।
চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।