| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঋণখেলাপি মান্না, নির্বাচনে অংশগ্রহণে বাধা

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 317600 বার পঠিত
ঋণখেলাপি মান্না, নির্বাচনে অংশগ্রহণে বাধা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হিসেবেই থাকছেন। ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দিতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মান্নার রিট আবেদন খারিজ করেন। আদালতের এই আদেশের ফলে আপাতত ঋণখেলাপির তালিকায়ই থাকছেন তিনি।

তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করার সুযোগ রয়েছে মান্নার। কিন্তু আগামী তিন দিন আদালতের ছুটি থাকায় তিনি তাৎক্ষণিকভাবে আপিল করতে পারছেন না। ফলে ২৮ ডিসেম্বরের আগে তার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই।

এদিকে, একই দিনে জোটভিত্তিক নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদুর রহমান মান্না। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় মাহমুদুর রহমান মান্নার অংশ ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ।

ব্যাংক জানায়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হলেও নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে বর্তমান অঙ্কে পৌঁছেছে। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চুক্তি অনুযায়ী পরিশোধে কোনো অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে এই নোটিশ পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার প্রধান তৌহিদ রেজা বলেন, মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হওয়ার পরও বকেয়া পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেননি। তাই বাধ্য হয়ে নোটিশ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪