লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। পরে বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।
এদিকে ওসমান হাদির শাহাদাতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২০ ডিসেম্বর) সোয়া ৩টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন।
তিনি আরও বলেন, আসমানে ওসমান হাদির জন্য আরও বড় সম্মাননা প্রস্তুত রয়েছে বলেই তিনি বিশ্বাস করেন।
আজহারী তার পোস্টে উল্লেখ করেন, জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ! পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দুআ। সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য!
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ওসমান হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবেন, সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে।