ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির আরও একটি সার্জারির প্রয়োজন হলেও আপাতত তার শরীর সে জন্য প্রস্তুত নয় এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার সেই পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি না হলে নতুন করে অস্ত্রোপচার সম্ভব নয়।
বাংলাদেশ সময় গতকাল সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আগেই সব ধরনের চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
হাদির চিকিৎসার সার্বিক দেখভাল করছেন তার দুই বড় ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক—যারা তার সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে অন্তর্বর্তী সরকার হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।