আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) পূর্ণাঙ্গ প্রতিনিধিদল।
এ সময় নির্বাচন আয়োজনের সার্বিক অগ্রগতি ও প্রস্তুতির বিষয়টি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন তারা।
বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। এসময় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাচন কমিশনাররা।
সিইসি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সর্বাত্মক সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতোমধ্যে নাগরিকদের অংশগ্রহণে দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি বলেন, জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারাই চালকের আসনে। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। অপরদিকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।