বাংলাদেশ বর্তমানে অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ( ৭ ডিসেম্বর ) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার্থী ও এলাকার সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন তৌহিদ হোসেন, আমরা একটা অস্থির সময় পার করছি। কিন্তু এই সময় কেটে যাবে, ভালো সময় আসবে। সেই সময়টাকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। শিক্ষার মান উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সময়ে ভালো কিছু করার সুযোগ অনেক বেশি। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন যোগ্যতা আর সেই যোগ্যতা অর্জনের পথ হলো নিজের কাজ ঠিকমতো করা এবং পড়াশোনায় মনোযোগী হওয়া।
তৌহিদ হোসেন বলেন, যোগ্যতা অর্জন করতে হলে নিজের কাজ ঠিকভাবে করতে হবে, পড়াশোনা ঠিকমতো করতে হবে।
বাজেটে শিক্ষাখাতে কম বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মোট বাজেটের কমপক্ষে ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা জরুরি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের প্রয়োজন রয়েছে। গত ৬০ বছরে শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে, বিশেষ করে নারী শিক্ষায়।
মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনরা অংশ নেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।