চলতি সপ্তাহের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করবে বিটিভি।
রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের নিয়মিত সভা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে বিটিভিতে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এ বিষয়ে শিগগিরই বিটিভিকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে ইসি। তফসিল ঘোষণার পরই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা।