| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 302254 বার পঠিত
এবার দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তার নিকুঞ্জ-১ এলাকার আবাসিক ভবনের সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, আমরা কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করি না। মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা আমাদের কার্যপরিধির মধ্যে পড়েছে কি না। সমস্ত বিষয় বিবেচনায় রেখে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নেই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবদুল হামিদ নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে থাকা তিন তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে রাষ্ট্রপতির মেয়াদ শেষে উঠেছিলেন। অভিযোগ রয়েছে, তার সুবিধার জন্য বাড়ির দুই পাশে রাস্তা বাঁধানো, নান্দনিক ডিজাইনের ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণ করা হয়েছে। প্রকল্পের জন্য খরচ হয়েছে ২৪ কোটি টাকারও বেশি।

রাজউক ও দুদক সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি ছাড়াও নিকুঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক এমপি ও কর্মকর্তারা চোখ ধাঁধানো বাড়ি নির্মাণ করেছেন। এসবের মধ্যে অনেকেই বর্তমানে পলাতক রয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে প্রথম সাবেক রাষ্ট্রপতি হিসাবে হুসেইন মুহাম্মদ এরশাদ দুর্নীতির মামলা ও সাজার মুখোমুখি হয়েছিলেন। গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ১৪ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় সাবেক রাষ্ট্রপতি ও সামরিক স্বৈরশাসক এরশাদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বিচারে এরশাদকে দুর্নীতি প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত করা হয়। ২০০০ সালের ২০ নভেম্বর বিচারক তাকে সাত বছরের কারাদণ্ডের রায় দেন। যার পরিপ্রেক্ষিতে তিনি ২০০১ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এরশাদের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাজা কমিয়ে পাঁচ বছর করেন এবং ৫৫ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায় রাজনৈতিক ও আইন অঙ্গনে একটি ঐতিহাসিক নজির সৃষ্টি করেছিল

আবদুল হামিদ দ্বিতীয় সাবেক রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তের মুখোমুখি হচ্ছেন। দুদকের অনুসন্ধান চলমান এবং অভিযোগের যথাযথ প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪