যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ আটজনের সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসের এক বিবৃতিতে জানানো হয়, রুটিন পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে বি-৫২ বোমারু বিমানটি সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে উড্ডয়ন করে। তবে আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই এটি ঘাঁটির অভ্যন্তরে বিধ্বস্ত হয়।
বিমানটিতে পাইলটসহ মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আরোহীদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঘাঁটি কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসের কার্যক্রম সীমিত করা হয়েছে। বাইরে অবস্থান করা ঘাঁটির অন্যান্য উড়োজাহাজকে বিকল্প বিমানঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে।
বি-৫২ বিশ্বের অন্যতম শক্তিশালী ও দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান হিসেবে পরিচিত। এটি বিপুল পরিমাণ বোমা ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং পরমাণু অস্ত্র পরিবহন ও নিক্ষেপের সামর্থ্যও রাখে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বোমারু বিমান।
সূত্র: এএফপি, এনডিটিভি
হাফিজ/ আয়না নিউজ