মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকালে এ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হলেন নুরুজ্জামান মোল্লা (৩৫), মাসুদ ফকির (৩৫), হানিফ খান (৪৫) ও কামরুল হাওলাদার (২৫)। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে অন্তত ১২ থেকে ১৩টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে মাদারীপুর সদর থানা পুলিশ। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ